দ্রুত বড়লোক হতে মাদক ব্যবসায় দুই ভাই || Prothom Alo News

1,746 views · Published 15 March 2018 · 0:51 · Indexed 21 September 2026

Channel: Prothom Alo Lifestyle · 2018 · News & Politics

Watch on YouTube

আপন দুই ভাই মো. আলম (৪০) ও মো. জসিম উদ্দিন (২৩), তাঁদের বাড়ি কক্সবাজারে। বড় ভাই আলমের স্বপ্ন ছিল অল্প সময় বড়লোক হবেন। আর এ জন্যই বেছে নেন ইয়াবা ব্যবসাকে। ব্যবসায় জড়ান ছোট ভাইকেও। রাজধানীতে নিজে ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন। ছোট ভাইকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেন। নিজের ফ্ল্যাটে জসিম ইয়াবা বিক্রি করতেন আবার সেখানেই নিরাপদে ইয়াবা সেবনের জায়গাও করে দেন তিনি।

এভাবেই চলছিল জমজমাট ইয়াবা ব্যবসা। দুই ভাইয়ের এই ব্যবসা ধরে ফেলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। রাজধানীর পশ্চিম ধানমন্ডি থেকে আটক করা হয় দুই ভাইসহ মো. সালাউদ্দিন (২৭) ও মো. মিজানুর রহমান (৩৩) নামের দুই সহযোগীকে। উদ্ধার করা হয় ১ লাখ ২৩ হাজার পিস ইয়াবা ।

আজ বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-২ এর সিইও আনোয়ার উজ জামান। তিনি বলেন, আটক ইয়াবার দাম প্রায় চার কোটি টাকা। এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ৮১ হাজার টাকা, সাতটি মোবাইল উদ্ধার করা হয়। আটক আলমকে তিনি ইয়াবা সম্রাট হিসেবে পরিচয় দেন।

More from this channel